পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের লাউকাঠি নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশে গতকাল সোমবার সকালে বিপুলসংখ্যক পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করলেও সেখানে বসবাসকারী বস্তিবাসীর বাধা ও বিক্ষোভের মুখে অভিযানে বিঘ্ন ঘটে। একপর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।সকাল ১০টায় পটুয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টরেট হাফিজ আল আসাদ, সদর থানার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার আশিকুর রহমান ও আল আমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। একপর্যায়ে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বস্তিবাসী বিক্ষোভ করে। পরে তারা রমজান মাস পর্যন্ত সময় প্রার্থনা করে। এ সময় পৌরসভার কয়েকজন কাউন্সিলরও তাদের পক্ষে সময় চান।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকার খন্দকার হাবিবুর রহমান নামের এক ব্যক্তি গত ১৮ মার্চ শহরের লোহালিয়া নদীর পশ্চিম পাড় ও লাউকাঠি নদীর দক্ষিণ পাড়ের নদীর তীর ও জলাশয় রক্ষায় উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করলে আদালত সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন।পটুয়াখালী সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার শাহাজাদা মিয়া বলেন, ইতিমধ্যে ৭৭ জন অবৈধ দখলদারের নামের তালিকা করা হয়েছে। আরও অবৈধ দখলদার চিহ্নিত করে তালিকা তৈরির কাজ চলছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে তালিকাভুক্ত ৭৭ জনকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত সময়ে সরকারি জমির দখল ছেড়ে না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান বলেন, রোজার মাসে উচ্ছেদ বন্ধ রাখাতে পৌর কাউন্সিলররা অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) অনুরোধ করেন।পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহ আলম সরদার প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আরও অবৈধ দখলদারের তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলবে।