পটুয়াখালীতে অযত্নে পড়ে আছে বধ্যভূমি ও গণকবর
পটুয়াখালীর বধ্যভূমি ও গণকবরগুলো আজও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। অরক্ষিত এসব বধ্যভূমি ও গণকবরগুলো ঝোপ-ঝাড়ে ভরে থাকে। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলেই এগুলো পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া সারা বছরই এগুলো পড়ে থাকে অযত্ন-অবহেলায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একাত্তরের ২৬ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পটুয়াখালীতে নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। সকাল সাড়ে ১০টা থেকে হানাদারদের জঙ্গি বিমান দুই দফায় কয়েক ঘণ্টা শহরে গোলা ও বোমাবর্ষণ করে। দুপুরে পটুয়াখালী শহরের অদূরে কালিকাপুরে হেলিকপ্টার থেকে ছত্রীসেনারা নেমে গোলাবর্ষণ করতে করতে শহরে ঢুকে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র জনতার ওপর। হামলায় শহীদ হন কয়েক শ নারী-পুরুষ ও শিশু। পাকিস্তানি হানাদাররা কালিকাপুর মাদবার বাড়ির ১৯ জনকে গুলি করে হত্যা করে। পরে নিহতদের সেখানে গণকবর দেওয়া হয়। জেলা প্রশাসকের বাসভবনের দক্ষিণ পাশে পাকিস্তানি হানাদারদের রুখতে গিয়ে শহীদ হন ছয়জন আনসার সদস্যসহ সাতজন। সেখানেই তাঁদের গণকবর দেওয়া হয়। এ ছাড়া ওই দিন শহীদ হওয়া অনেকের লাশ পুরোনো জেলখানার ভেতরে মাটিচাপা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত বলেন, মুক্তিযুদ্ধের ৪০ বছরেও পটুয়াখালীর বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী জেলা কমান্ডার আবদুল বারেক হাওলাদার বলেন, একাত্তরের ২৬ এপ্রিল থেকে পাকিস্তানি হানাদাররা পটুয়াখালীতে নির্বিচারে গণহত্যা চালায়। পটুয়াখালী শহরের বধ্যভূমি ও গণকবরগুলো ছাড়াও সদর উপজেলার ইটবাড়িয়া, ধরান্দী ও গলাচিপার চিকনিকান্দি; বাউফলের মদনপুরা ইউনিয়নের ঘুস্রাকাঠি ও ধুলিয়াতে গণকবর রয়েছে। এগুলো আজও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অমল কৃষ্ণ মণ্ডল বলেন, বধ্যভূমি সংরক্ষণের বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে মহান বিজয় দিবসকে সামনে রেখে জেলার বধ্যভূমি ও গণকবরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।