পটুয়াখালীর দুমকিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৃজনী বিদ্যানিকেতনে (শিশু থেকে দ্বাদশ) গতকাল রোববার শ্রেণিকক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আকস্মিক অসুস্থ হয়ে পড়েছে।
পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, স্থানীয় লুথ্যারান হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ছুটি ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, গণমনস্তাত্ত্বিক সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাঠদানের সময় হঠাৎ পঞ্চম শ্রেণির ১০-১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের শরীরে ঘাম দেখা দেয় এবং শ্বাসকষ্ট হচ্ছিল। তাদের দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে অন্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। তাদেরও দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, দুমকি লুথ্যারান হাসপাতাল ও স্বাস্থ৵ কমপ্লেক্সে নেওয়া হয়।
সৃজনী বিদ্যানিকেতনের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস বলেন, ‘গতকাল হঠাৎ করে ৫০-৬০ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়। জামিলা আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকি শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়িতে গেছে। এ ঘটনার পর গতকাল স্কুলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আজ সোমবার বৈঠক করে স্কুলে ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, সৃজনী বিদ্যানিকেতনের ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিল। সুস্থ হয়ে তারা বাড়ি চলে গেছে। মূলত গণমনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়েছিল। স্নায়ু দুর্বল শিশুরা এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অক্সিজেন সরবরাহসহ প্রয়োজনীয় চিকিৎসায় স্বল্প সময়েই তারা সুস্থ হয়ে যায়।