পটুয়াখালীতে অর্ধেক জেলেকে পুনর্বাসন করা হয়নি
জাটকা সংরক্ষণের লক্ষ্যে নভেম্বর থেকে মে পর্যন্ত ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ সময়টায় জেলেদের পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও এই কর্মসূচির আওতায় পটুয়াখালীতে অর্ধেক জেলেকে পুনর্বাসন করা হয়নি। এসব জেলে পরিবার অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীপারের সৈয়দ জাফর গ্রামের জেলেবধূ জ্যোৎস্না বিবি (৩০) জানান, তাঁর স্বামী বড় ছেলেকে (১১) নিয়ে একটি ডিঙি নৌকায় তেঁতুলিয়া ও পাশের বুড়া গৌরাঙ্গ নদীতে ইলিশ ধরতেন। এখন জাটকাসংরক্ষণ কর্মসূচি চলায় ইলিশ ধরা বন্ধ, বিশেষ অভিযানের ভয়ে নদীতে জাল ফেলতে পারছেন না। স্বামী বাবুল সর্দার (৩৫) ও তাঁর তিন শিশুসন্তানকে নিয়ে চরম দুরবস্থায় আছেন। গ্রামের সেতারা বেগম (৪০) জানান, স্বামীর মৃত্যুর পর বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে একটি নৌকা ও জাল কিনে দিয়েছিলেন ছেলে খলিল (২২) ও জুয়েলকে (১৮)। খলিল জানান, মাছ ধরা ছাড়া অন্য কাজ তাঁরা জানেন না। গ্রামে দিনমজুরের কাজ না থাকায় কোনো রকমে দিন কাটছে তাঁদের। শুধু জ্যোৎস্না বিবি, খলিল, জুয়েলই নন, গ্রামের হারুন দুয়ারী, মোসলেম মা িঝ, হারুন মাঝি, এছাহাকসহ অন্তত ২০০ জেলে পরিবারের এমন করুণ হাল। এ ছাড়া সদর উপজেলার বড় বিঘাই, ছোট বিঘাই, পায়রাকুঞ্জ; গলাচিপা উপজেলার পানপট্টি, বড়বাইজদিয়া, চরকাজলসহ জেলার বিভিন্ন জেলেপল্লির চিত্র একই রকম। জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলায় বরাদ্দ এসেছে ৯৮ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা। এর মধ্যে জেলেদের বিকল্প কর্মসংস্থান বাবদ ৮০ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। সরকারিভাবে জেলার ৩৬ হাজার ৮৭২ জন জেলের মধ্যে ১৯ হাজার ৭৮৪ জনকে ভিজিএফের আওতায় পুনর্বাসন করা হয়েছে। বাকি ১৮ হাজার ৮৮ জনের মধ্যে এক হাজার ৪৬২ জনকে বিকল্প কর্মস্থানের জন্য পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয়। কর্মসূচির ছয় মাসের মধ্যে পাঁচ মাস পেরিয়ে গেলেও তাঁদের কর্মসূচির আওতায় সহায়তা প্রদান করতে পারেনি মৎস্য বিভাগ। বাকি ১৬ হাজার ৬২৬ জনকে মৎস্য বিভাগ এখনো ভিজিএফ বা বিকল্প কর্মসংস্থানের আওতায় আনতে পারেনি। অবশ্য বেসরকারি হিসাবে জেলেদের এই সংখ্যা আরও বেশি। সূত্র আরও জানায়, বিকল্প কর্মসংস্থানের জন্য বরাদ্দের ওই টাকায় পাম্প মেশিন, হাঁস-মুরগি পালন ও রিকশা-ভ্যান দেওয়াসহ বিভিন্নভাবে পুনর্বাসন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সৈয়দ জাফর গ্রামের জেলে হারুন দুয়ারী, মোসলেম মাঝি, হারুন মাঝি, এছাহাকসহ অনেকেই বলেন, ‘এখনো পুনর্বাসন না হওয়ায় অধিকাংশ জেলে ঋণে জর্জরিত হয়ে এখন গ্রামছাড়া।’ জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সবাইকে পুনর্বাসনের আওতায় আনা সম্ভব হয়নি। ইউনিয়ন পর্যায় থেকে হতদরিদ্র জেলেদের তালিকা স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করতে গিয়ে একটু দেরি হয়েছে।’ তবে এ মাসের মধ্যেই পুনর্বাসন কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।