পটুয়াখালীতে আইসোলেশনে চিকিৎসাধীন নারীর মৃত্যু

শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্র জানায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মাছখালি গ্রামের ওই নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্টের সঙ্গে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন এবং তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। বুধবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।
পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) লোকমান হাকিম বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তারপরও যেহেতু তাঁর শ্বসকষ্টের সঙ্গে জ্বর ছিল, এ কারণে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর লাশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনা প্রটোকল অনুযায়ী দাফন করা হয়েছে। একই সঙ্গে বাড়ির লোকজনকে হোম কোয়রেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত পটুয়াখালী জেলায় ১৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৬ জনের প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জের পোশাক তৈরির কারখানার কর্মী ছিলেন এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর দুমকি উপজেলায় বাড়িতে আসেন। অপরজন মারা যাওয়া যুবকের বোন। তিনি বর্তমানে পটুয়াখালীতে আইসোলেশনে চিকিৎসাধীন।