পটুয়াখালীতে আউশ আবাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে জলোচ্ছ্বাস এবং প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পটুয়াখালীতে বরিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় অনেক ফসলি জমি তলিয়ে গেছে। এ কারণে অনেক কৃষক আউশ ধানের আবাদ করতে পারছেন না।কৃষকেরা ঘূর্ণিঝড়ের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে আউশ আবাদের দিকে ঝুঁকলেও বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এবং খেতে জলাবদ্ধতার কারণে তাঁরা আবাদ করতে পারছেন না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক সুলতান আহমেদ বলেন, আউশ আবাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ১৫ জুন পর্যন্ত আউশ আবাদ করা যাবে। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশঙ্কা থেকে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের হিসাব অনুযায়ী জেলায় কৃষি জমির পরিমাণ দুই লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। এ বছর রবি মৌসুমে এক লাখ পাঁচ হাজার ২১০ হেক্টর জমিতে ফসলের আবাদ হয়েছিল। গত ১৬ মে মহাসেনের সময় জলোচ্ছ্বাস ও প্রবল বর্ষণে পানিতে তলিয়ে গেছে ৪৮ হাজার ৫১৭ হেক্টর জমির ফসল। ১৬ হাজার ৭১১ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে ১৮০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৮ হাজার ৩৬০ জন কৃষক। ৯০ হেক্টর জমির আউশ বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে। ওই কার্যালয়ের হিসাবমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১ এপ্রিল মৌসুম শুরুর পর থেকে ৩০ মে পর্যন্ত ২০ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। আউশ আবাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের জাফর হাওলাদার বলেন, তাঁর দুই একরের মতো জমি রয়েছে। মহাসেনে খেতের রবিশস্যের পাশাপাশি আউশের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জলোচ্ছ্বাসে খেত ডুবে আছে। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মাহাবুবুর রহমান বলেন, তাঁর দুই একর জমির রবিশস্য ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গেছে। খেত থেকে পানি না নামায় তিনি আউশের আবাদ করতে পারছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক এ জেড এম মমতাজুল করিম প্রথম আলোকে বলেন, মহাসেনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন আবার জলোচ্ছ্বাসে আউশের আবাদ পিছিয়ে পড়ছে। তবে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত কৃষকেরা আউশের আবাদ করতে পারবেন। বৈরী আবহাওয়া না কাটলে এবং খেত থেকে পানি না সরলে আউশ আবাদে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।