পটুয়াখালীতে আরেকজনের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে গত মঙ্গলবার মাহাবুব আলমের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তাঁর জামানতের ২০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ওজনে কম দিচ্ছেন বলে মাহাবুব আলমের বিরুদ্ধে অভিযোগ ছিল। মঙ্গলবার দুপুরে মাদারবুনিয়া বাজারে তিনি চাল বিক্রি করছিলেন। সরেজমিনে দেখতে পাই উপকারভোগীদের তিনি ওজনে কম চাল দিচ্ছেন। এ জন্য তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ছাড়া জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।’
এর আগে অনিয়মের কারণে জেলার আরও তিনজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে পাঁচ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন আলী করিমুল্লাহ। পরে তাঁর ডিলারশিপ বাতিল করা হয়। ১৯ অক্টোবর রাতে দশমিনার আলীপুরা ইউনিয়নের ডিলার ইয়াকুব হোসেন কালোবাজারে চাল বিক্রির সময় ধরা পড়েন। তাঁরও ডিলারশিপ বাতিল করা হয়েছে। এর আগে বাউফলের কালাইয়া ইউনিয়নে ২৩টি কার্ডের চাল আত্মসাতের ঘটনায় মো. হাবিবুর রহমানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। নীতিমালা ভঙ্গের দায়ে মো. হাবিবুর রহমান সবুজকে ৫৫ হাজার ৩২৯ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের তিনজনের জামানত ৬০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, আটটি উপজেলার ৭২টি ইউনিয়নে সুবিধাভোগী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৪টি হতদরিদ্র পরিবার। এই কর্মসূচি বাস্তবায়নে ডিলার নিয়োগ করা হয়েছে ২৫৭ জন।