পটুয়াখালীতে আলতাফ চৌধুরীর সভা ও বাসভবনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনের সামনে তাঁর উপস্থিতিতে এক সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেল ও আসবাব পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির এই নেতার বাসভবনে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী শহরের শেরেবাংলা সড়কের নিজ ভবনের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করছিলেন। এতে দলের অন্তত আড়াই শ নেতা-কর্মী যোগ দেন। সভা চলাকালে দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া হামলাকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। হামলাকারীরা একপর্যায়ে আলতাফ হোসেনের বাসভবনের আসবাব ভাঙচুর করে। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ওই হামলায় অংশ নেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।এই অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির নেতা-কর্মীরাই ওই হামলা চালিয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সদস্যরা জড়িত নন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।