পটুয়াখালীতে ইজতেমা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের পাশে খলিশাখালী এলাকায় আগামীকাল বৃহস্পতিবার তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে। এদিন ফজরের নামাজের পর আমবয়ান শুরু হবে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। এতে বিদেশিরাও অংশ নিচ্ছেন।
তাবলিগ জামাতের আয়োজনে দ্বিতীয়বারের মতো পটুয়াখালীতে ইজতেমা হচ্ছে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠেছে।
আয়োজক কমিটি ও জেলা প্রশাসন সূত্র জানায়, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি প্রায় শেষ। ২৫০ জন স্বেচ্ছাসেবক দিন-রাত কাজ করে ময়দান প্রস্তুত করেছেন। মুসল্লিদের রাতযাপনের ব্যবস্থা ও শামিয়ানা টানানো হয়েছে। অজু, গোসল ও পানের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়েছে। ইজতেমার তিন দিন বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন হবে। ইজতেমা ময়দানের মাঝখানে বসানো হয়েছে বয়ানের মিম্বর। মাঠের সব অংশে বয়ান শোনার জন্য লাগানো হয়েছে মাইক। ময়দানের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার।
গতকাল বেলা তিনটার দিকে গিয়ে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা কাঁথা-কম্বল, পোশাক থেকে শুরু করে খাবার সামগ্রী কাঁধে বয়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। কিশোর, যুবক, বয়োজ্যেষ্ঠ সব শ্রেণির মানুষই রয়েছেন।
ইজতেমা ময়দানের জিম্মাদার ও আয়োজক কমিটির মুরব্বি মো. রুহুল আমিন বলেন, এ ইজতেমায় ইন্দোনেশিয়া, মরক্কো, ভারত ও থাইল্যান্ডের মুসল্লিরা আসছেন। ঢাকা থেকে মাওলানা ফারুক হোসেন, ইউনুচ সিকদার ও মাওলানা মনির বিন ইউসুফের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার উদ্বোধন হবে। সর্বস্তরের মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে এ আয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বলেন, ইজতেমার নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদাপোশাকে পুলিশ থাকবে। নির্বিঘ্নে যান চলাচলের জন্য ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।