পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবি
পটুয়াখালী মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষা কেন্দ্রটি আকস্মিক বাতিল হয়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পটুয়াখালী পৌর এলাকায় অবস্থিত এ কেন্দ্রটি বাতিল করে শহর থেকে ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত বদরপুর ইউনিয়নের আতহার উদ্দিন কারিগরি ও বাণিজ্যিক মহিলা কলেজে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকেরা কেন্দ্রটি পুনর্বহালের দাবি জানিয়েছেন।কেন্দ্রটি পুনর্বহালের সুপারিশ করে গত ২৩ মার্চ পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে একটি জরুরি বার্তা পাঠিয়েছেন। পরীক্ষার্থী ও অভিভাবকেরা গত শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে জানান, ২০০১-০৯ সাল পর্যন্ত ইসহাক মডেল কলেজে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে কোনো কারণ ছাড়াই ওই কেন্দ্র বাতিল করে আতহার উদ্দিন কারিগরি ও বাণিজ্যিক মহিলা কলেজে স্থানান্তর করা হয়।