পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি রয়টার্স
ছবি রয়টার্স

করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ওই ব্যক্তির নাম চেরাগ আলী। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের বাসিন্দা।

পটুয়াখালী সদর হাসপাতাল সূত্র জানায়, চেরাগ আলী কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তাঁর স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এই সময় তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা শনাক্ত করার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি হাসাপাতালের ওয়ার্ডে মারা যান।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, যেহেতু চেরাগ আলী করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন, তাই হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না, তা প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। কোভিডের প্রটোকল অনুযায়ী তাঁর লাশ দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।