পটুয়াখালীতে কাকের মৃত্যুর কারণ বার্ড ফ্লু
পটুয়াখালীতে কাকের মৃত্যুর কারণ শনাক্ত করা গেছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাক মারা যাচ্ছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইইডিসিআর কর্তৃপক্ষ পটুয়াখালীর সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে।এদিকে জেলা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ সমন্বয় কমিটি সভা করে জেলায় সর্বাত্মক সতর্কতা নিয়েছে। এই জীবাণু যাতে মানুষ বা মুরগিতে সংক্রমিত হতে না পারে, সে জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জানুয়ারি জেলা শহরে প্রথম কাকের মড়ক দেখা দেয়। পরে তা ছড়িয়ে পড়ে শহরের আশপাশের গ্রামগুলোতে। এ অবস্থায় জেলা প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ, পৌরসভার কর্মীরা মৃত কাকগুলো মাটিচাপা দিয়ে ওই স্থানে জীবাণুনাশক ছিটিয়ে দেন।এদিকে কাক মারা যাওয়ার কারণ উদ্ঘাটন করতে আইইডিসিআরের পাঁচ সদস্যের একটি দল পটুয়াখালী আসে। তাঁরা তিন দিন অবস্থান করে মৃত কাকের নমুনাসহ যে এলাকায় কাক মারা যাচ্ছে, সেখানকার লোকজনের রক্ত ও কফ সংগ্রহ করে নিয়ে যান। ১৩ ফেব্রুয়ারি এক চিঠিতে তাঁরা উল্লেখ করেন, ‘কাকগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এ ব্যাপারে জেলা সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মৃত কাকের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষার পর ইনফ্লুয়েঞ্জা-এ (এইচ ৫ এন ১) বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই ভাইরাস দ্বারা মানুষ সংক্রমিত হলে মারাত্মক শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। মৃত কাকগুলো বিভিন্ন স্থানে পড়ে থাকলে মানুষ এগুলোর সংস্পর্শে আসবে এবং পরিবেশ দূষিত হবে। এর পর ২০ ফেব্রুয়ারি জেলা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ (বার্ড ফ্লু) সমন্বয় কমিটি সভা করে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদল কৃষ্ণ হালদার জানান, জেলায় ১৬৯টি মুরগির ও সাতটি হাঁসের খামার রয়েছে। এসব খামার যাতে বন্যপ্রাণীর সংস্পর্শে না আসে তা নিশ্চিত করা, বিভিন্ন প্রজাতির পাখি আলাদা করে পালন করা, বিশেষ করে খামারে যাতে কাক না আসতে পারে, তার ব্যবস্থা নিতে বলা হয়েছে খামার মালিকদের।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ জানান, ভাইরাস যাতে ছড়াতে না পারে, এ ব্যাপারে জেলার সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।