পটুয়াখালীতে গরুর খামার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার সামসুল হক ফকিরের খামারে ৫৫টি গরু আছে। দেশীয় পদ্ধতিতে এগুলো মোটাতাজা করেছেন। আর এক সপ্তাহ পরই এ গরুগুলোকে কোরবানির পশুর হাটে নেওয়া হবে। তাই তিনি শেষ মুহূর্তে এদের পরিচর্যায় কোনো কমতি রাখছেন না।
খামারি সামসুলের বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের টাউন বহালগাছিয়া গ্রামে। গতকাল শনিবার তাঁর ‘জোবায়েদ ডেইরি ফার্ম’-এ গিয়ে দেখা যায়, তিনি ও তাঁর তিন কর্মচারী গরুগুলো পরিচর্যায় ব্যস্ত। তিনি বলেন, আগে সেনাবাহিনীর নায়েক পদে চাকরি করতেন। অবসরে যাওয়ার পর তিনি বাড়ি ফিরে গরু পালন শুরু করেন।
সামসুল এ বছর ফেব্রুয়ারিতে জেলার বিভিন্ন হাট থেকে দেশি গরু কিনে এনে খামারে পালন শুরু করেন। প্রতিটি গরুর দাম পড়েছে ৩০ থেকে ৬০ হাজার টাকা। খামারের গরু মোটাতাজা করতে বিষাক্ত রাসায়নিক বা ওষুধ ব্যবহার করেননি। গরু মোটাতাজা করতে দেশীয় পদ্ধতিই তাঁর ভরসা। এ পদ্ধতিতে গরুকে তাজা ঘাসের পাশাপাশি খইল, ভুসি, কুঁড়া ও খুদ দেওয়া হয়।
সামসুল বলেন, এখন সারা দিনই গরুর পরিচর্যায় ব্যস্ত থাকেন। এবার হাটে ৫৫টি গরু তুলবেন। একটি গরু ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে বলে আশা করছেন। গত বছর তাঁর খামারে ৩৫টি গরু ছিল। কেনা, খাওয়া ও পরিচর্যা বাবদ ১৭ লাখ টাকা খরচ হয়েছে। গতবার ৮ লাখ টাকা লাভ হয়েছে।
সামসুলের মতো ব্যস্ত সময় পার করছেন জেলার আরও শতাধিক খামারি। পটুয়াখালীর প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জেলায় গরু মোটাতাজা করার ছোট-বড় প্রায় ৪০১টি খামার ছিল। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৬টি। এই খামারগুলোতে প্রায় ২৯ হাজার গরু রয়েছে। এগুলোর অধিকাংশ কোরবানির পশুর হাটে তোলা হবে।
টাউন বহালগাছিয়া গ্রামের মোখলেছুর রহমানের খামারে ২৮টি গরু রয়েছে। ইতিমধ্যে অনেকে গরু কিনতে খামারে আসছেন। মোখলেছুর রহমান বলেন, কোরবানির জন্য দেশি গরুর চাহিদাই বেশি।
একই এলাকার সাগর মাহমুদ ও জসীম সিকদারও গরুর খামার গড়ে তুলেছেন। তাঁরা বলেন, ভারত ও মিয়ানমার থেকে অবাধে গরু আসা বন্ধ হওয়ায় খামারিরা খুশি। গত বছর তাঁরা ভালো লাভ করেছেন।
পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল রহমান বলেন, এখানকার খামারে গরুকে ক্ষতিকারক ওষুধ দেওয়া হয় না। খামারিরা লাভবান হওয়ায় প্রতিবছর তাঁদের সংখ্যা বাড়ছে। এখন অনেকেই গরু পালনকে ব্যবসা হিসেবে নিতে শুরু করেছেন। প্রাণিসম্পদ বিভাগও তাঁদের উৎসাহ ও পরামর্শ দিচ্ছে।