পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়েএনজিও উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে বিদেশে পাঠানোর নামে ও আমানতকারীদের জমা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনকর্ম সহায়ক সোসাইটি (জনক) নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন তালুকদার উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমানতকারীরা এ ব্যাপারে ১৭ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, সংস্থাটি ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর পটুয়াখালী শহরের বনানী রোড এলাকায় একটি ভাড়া বাসায় তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে অফিসটি শহর থেকে জৈনকাঠি ইউনিয়নের পীরতলা গ্রামে স্থানান্তর করা হয়। শুরুতে আমানতসহ ঋণ কার্যক্রম চালু করা হয়। পরে আমানতকারীদের টাকা ১০ বছরে দ্বিগুণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ প্রলোভনে পড়ে এলাকার অনেক নারী-পুরুষ মাসে ১০০ থেকে ৫০০ টাকা করে সঞ্চয় বইয়ের মাধ্যমে জমা দিতে থাকে। এভাবে এনজিওটি প্রায় দেড় হাজার থেকে দুই হাজার সদস্য সংগ্রহ করে। এ ছাড়া নাসির তালুকদার বিদেশে লোক পাঠানোর নামে শহরের জৈনকাঠি এলাকার ১০ জন যুবকের কাছ থেকে অগ্রিম ২০ থেকে ৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। মাসছয়েক আগে নাসির অফিস তালাবদ্ধ করে সটকে পড়েন।গত মঙ্গলবার পীরতলা গ্রামে গিয়ে ওই সংস্থার কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে।পূর্ব জৈনকাঠি গ্রামের রুহুল আমিন জানান, ওই সংস্থায় তাঁর দুই লাখ টাকা রয়েছে। টাকা তুলতে চাইলে নাসির টালবাহানা শুরু করে। পরে একদিন গিয়ে দেখেন অফিসটি তালাবদ্ধ। তিনি জানান, তাঁর মতো এলাকার অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা এনজিওটি হাতিয়ে নিয়েছে। এখন নাসিরকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ‘জনক’-এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন তালুকদার মুঠোফোনে আমানতকারীদের টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সদস্যদের মধ্যে ৩৩ লাখ টাকা ঋণ দেওয়া আছে, একটি সেচ প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। আর ১০ লাখ টাকা খরচ করে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে। এতে অনেক টাকা খরচ হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে আমানতকারীদের জমা টাকা ফেরত দিতে পারব।’