পটুয়াখালীতে ছাত্রদলের মিছিলে হামলা আহত ২৫
পটুয়াখালী শহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে গত শুক্রবার দুপুরে লাঠিসোটা নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল ও জাতীয়তাবাদী মহিলা দলের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার একপর্যায়ে মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ বেশ কিছু নেতা-কর্মী স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেন। হামলার ঘটনায় আলতাফ হোসেন আওয়ামী লীগের নেতা-কর্মীকে দায়ী করেছেন। তবে আওয়ামী লীগের নেতাদের বিএনপির নেতা-কর্মীদের অন্তর্কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে তসলিম সিকদার, মোস্তফা, ইলিয়াস খান, মঈন সিকদার, রাকিবুল হাসান, জেসমিন জাফর, রুমা আক্তার, ঝুমুর ও রীনা আক্তারকে পটুয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদলের তিনটি পক্ষ গত শুক্রবার সকাল ১০টার দিকে পিডিএসএ মাঠ ও তার আশপাশ এলাকা থেকে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে প্রশাসন শুক্রবার সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি তৌফিক আলী খানের সমর্থিত পক্ষ দুপুর ১২টার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন থেকে একটি মিছিল বের করে। আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের বায়তুল আমান সড়ক এলাকায় পৌঁছালে একদল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা, হকিস্টিক নিয়ে মিছিলে হামলা চালায়।অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।