পটুয়াখালীতে ছাত্রলীগের সব উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সব উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশে জেলা কমিটি গত রোববার সাতটি উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। জেলা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ কথা জানা গেছে।পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক ও সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালীতে ছাত্রলীগের জেলা শাখা গঠন হওয়ার পর কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলা শাখাগুলোর সম্মেলন গঠনতন্ত্র অনুযায়ী অনেক আগে হয়েছে। দীর্ঘদিনেও সম্মেলন না হওয়ায় সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থায় নতুন নেতৃত্বে নির্বাচন ও ছাত্ররাজনীতিতে গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে মির্জাগঞ্জ, দুমকি, বাউফল, গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার ছাত্রলীগের বর্তমান কমিটি ও সব শাখা কমিটি বিলুপ্ত করা হলো।