পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ ভেস্তে যাওয়ার উপক্রম
পটুয়াখালীতে জাটকা সংরক্ষণের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। কারণ, পুনর্বাসন কার্যক্রমের আওতায় জেলার অর্ধেক জেলেকেই আনা সম্ভব হয়নি। এ কারণে জাটকা ধরাও বন্ধ হয়নি। জেলা প্রশাসন জাটকা নিধন বন্ধে অভিযান চালালেও তা কাজে আসছে না।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তর ২০০৯-১০ সাল থেকে জাটকা সংরক্ষণ কার্যক্রম শুরু করে। সংরক্ষণের জন্য নভেম্বর থেকে মে পর্যন্ত এই সাত মাস জাটকা শিকার বন্ধ ঘোষণা করে সরকার। জাটকা ধরার কাজে নিয়োজিত জেলেদের জন্য পুনর্বাসন কর্মসূচি চালু করা হয়। ওই সময় খাদ্য ও উপকরণ বিতরণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি হিসাবে, পটুয়াখালীতে জেলের সংখ্যা ৪১ হাজার। এ কর্মসূচির আওতায় এ বছর এক হাজার ৭২০ জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য উপকরণ সরবরাহের মাধ্যমে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। ১৯ হাজার ৭৮৪ জন জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। বাকি ১৯ হাজার ৪৯৬ জন জেলে এই কর্মসূচির বাইরে রয়ে গেছেন। ফলে গরিব জেলেরা সংসারের খরচ জোগাতে অনেকটা বাধ্য হয়েই জাটকা শিকার করছেন।১৬ মার্চ পায়রা নদীতে নিষিদ্ধ থাকার পরও জাটকা ধরার জন্য জাল ফেলেন দশমিনা উপজেলার জেলে আবুল হোসেন, ছলেমান ও কাসেম। তাঁরা জানান, পুনর্বাসনের তালিকায় নাম ওঠায় তাঁদের কাছে কেউ আসেনি। অভাবের কারণে তাঁরা নদীতে জাল ফেলে জাটকা ধরেন। তবে পুনর্বাসনের আওতায় এলে তাঁরা আর জাটকা ধরবেন না। দশমিনা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমবায় সমিতির সভাপতি সিকদার নজরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সবাইকে পুনর্বাসনের আওতায় আনার পাশাপাশি জাটকা নিধনের কুফল সম্পর্কে জেলেদের অবহিত করতে হবে।জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় হয়ে জেলেদের তালিকা আসে। জেলার সব জেলেকে পুনর্বাসনের আওতায় আনা সম্ভব হয়নি, তবে অধিকতর দরিদ্র জেলেদের পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। কারেন্ট জাল জব্দ: ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পায়রা নদে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়। মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের জন্য নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই সাত মাস জেলেদের জাটকা ধরা নিষিদ্ধ। এরই অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গতকাল সকালে পায়রা নদে অভিযান চালানো হয়। নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর দাম প্রায় নয় লাখ টাকা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।