পটুয়াখালীতে জামায়াত কার্যালয়ে হামলা ভাঙচুর, আমির আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গত সোমবার দুপুরে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমির ফখরুদ্দীন খান। তাঁকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে জামায়াত।জামায়াতের নেতারা জানান, দুপুর দুইটার দিকে ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শহরের কাজীপাড়ায় জেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালায়। এ সময় আমির ফখরুদ্দীন খান একাই সেখানে ছিলেন। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করে। এ ছাড়া সন্ত্রাসীরা টেলিফোন, ফ্যাক্স, কম্পিউটারসহ মালামাল লুট করে নিয়ে যায় বলে জামায়াতের নেতারা দাবি করেন।আহত আমির ফখরুদ্দীন খান বলেন, হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, হামলার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।জেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার বলেন, এটা জামায়াতের সাজানো নাটক। জেলা যুবলীগের সভাপতি আহসান হাবিব খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার রুখতে ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত এ ঘটনা সাজিয়েছে।