পটুয়াখালীতে জোয়ারের পানিতে প্লাবন, ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে তিন দিন ধরে পটুয়াখালী শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জোয়ারের পানির প্রবল চাপে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় তিন কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চারটি পয়েন্টের আরও ৯০০ মিটার বেড়িবাঁধ। গত রোববার রাত থেকে জোয়ারের সময় সাগর ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার সকালে জোয়ারের পানি আরও বাড়লে মুহূর্তের মধ্যে পানি প্রবেশ করে সদর রোড এলাকার লোহাপট্টি, পোস্ট অফিস রোড, নবানপাড়া, বণিকপট্টি, সেন্টারপাড়া, কাঠপট্টি, পুরান বাজারসহ পটুয়াখালী শহরের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়। পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।পটুয়াখালী পৌরসভার মেয়র মো. শফিকুল ইসলাম বলেন, পাউবো পৌরসভার সঙ্গে সমন্বয় না করে শহর রক্ষা বাঁধ নির্মাণ করায় এ অচলাবস্থা দেখা দিয়েছে। এ ছাড়া বাঁধ নির্মাণে কাজের নিম্নমান ও সংরক্ষণ না করায় এবং বাঁধের স্লুইসগেটের রেগুলেটরগুলো ঠিকমতো কাজ না করায় জোয়ারের পানি বৃদ্ধি পেলেই শহরে প্রবেশ করে।পটুয়াখালী পাউবো জানায়, পায়রা নদের পাড় ঘেঁষে ইটবাড়ীয়া-লেবুখালী উপপ্রকল্পের আওতায় ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ সিডরে ও আইলায় বেশ কিছু অংশ ভেঙে যায়। পরবর্তী সময় মেরামত করা হলেও বর্ষা মৌসুমে পায়রার প্রবল স্রোতে ভাঙন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। প্রায় দুই বছর ধরে ভাঙনের তীব্রতা আরও বাড়তে থাকে। বর্তমানে পাঁচটি পয়েন্টে প্রায় দুই কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, ২০০৭-০৮ অর্থবছরে পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয় পাউবো। এতে ব্যয় ধরা হয় ২৬ কোটি টাকা। বর্তমানে নির্মাণকাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। তবে রেগুলেটরে কিছু ত্রুটি দেখা দেওয়ায় শহরের অভ্যন্তরে পানি প্রবেশ করছে। শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ হলে পৌরবাসীর জোয়ারের পানির দুর্ভোগ আর থাকবে না। তিনি আরও বলেন, জোয়ারের পানির প্রবল চাপে তাঁদের বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে জোয়ারের প্লাবনে জেলার উপকূলীয় দশমিনা, গলাচিপা, বাউফল, মির্জাগঞ্জের বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে ফসল। আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন সূত্র থেকে জানা যায়, বৃষ্টিপাত ও পূর্ণিমার প্রভাবে সাগর থেকে ফুঁসে ওঠা জোয়ারের পানি বিভিন্ন নদ-নদী দিয়ে জনপদে প্রবেশ করে। সাগরে প্রচুর মেঘমালা রয়েছে। এতে আরও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় মাছ ধরার জেলেরা উপকূলে ফিরে আসছেন। কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা জানান, ভরা মৌসুমে জেলেরা ইলিশ শিকারে গভীর সাগরে গেলেও উত্তাল সাগরে টিকতে না পেরে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে আসছে।