পটুয়াখালীতে টর্নেডোয় শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া উপজেলার চারটি গ্রামে গতকাল শুক্রবার টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ফসলি জমির খেত। উপড়ে পড়েছে অসংখ্য গাছ। উড়ে যাওয়া ঘর ও গাছ চাপা পড়ে গলাচিপায় ২২ জন ও কলাপাড়ায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।সকাল সাতটার দিকে গলাচিপার আমখোলা ইউনিয়নের মুদিরহাট বাজারে টর্নেডোর আঘাতে দুটি দোকান ও কয়েকটি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে কয়েক শ গাছ। দুপুর দুইটার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল ও বড়চরকাজল গ্রামে টর্নেডো আঘাত হানলে শতাধিক ঘরবাড়ির খুঁটিসহ চালা উড়ে যায়।বিষয়টি নিশ্চিত করে চরকাজল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, টর্নেডোতে এক শর বেশি ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০-৬০টি ঘরের কোনো হদিসই মিলছে না। আরও ৪০-৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দেড় শ পরিবারের পাঁচ শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে রয়েছে।ক্ষতিগ্রস্তদের জন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা ইউএনও মো. মাহবুব আলম।কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে বেলা সাড়ে ১২টার দিকে টর্নেডোতে ২৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। আংশিক বিধ্বস্ত হয় আরও নয়টি ঘর। প্রতিটি বাড়ির ২০ থেকে ২৫টি গাছ উপড়ে পড়ে। কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, সরেজমিনে পরিদর্শন করে অসহায় পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।