পটুয়াখালীতে দুই দিনে নয়জনকে গ্রেপ্তার
পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকা ও বল্লভপুর গ্রাম থেকে দুই দিনে নারীসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তাওহিদের সদস্য। তাঁরা এলাকায় ইসলামবিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে র্যাব-৮-এর একটি দল শহরের হেতালিয়া বাঁধঘাট-সংলগ্ন বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে একই পরিবারের মাতোয়ারা বেগম (৫০), সুরাইয়া জাহান (২৫) ও রাকিব হোসেনকে (১৮) গ্রেপ্তার করে। পরে তাঁদের প্রতিবেশী উজ্জ্বল হোসেন (১৯) নামের এক তরুণকেও গ্রেপ্তার করা হয়।র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার নূর-উজ-জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি থেকে ইসলামবিরোধী বিভিন্ন ধরনের বই, সিডি, প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।এর আগে গত বুধবার দুপুরে শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে একই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. জসিম উদ্দিন (৩২), মো. নুরুজ্জামান (২৮), মো. নজরুল ইসলাম (৩০), মো. ইউসুফ আলী (২৭) ও মো. সানাউল্লাহ (২৬)। তাঁদের বাড়ি পটুয়াখালী ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।