পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

পটুয়াখালীর দুমকি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি খানকা নুরানি মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য এনামুল হক মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে।

আহত তিনজন হচ্ছেন চালক সুমন (১৭), আরোহী ছানি আলম (১৮) ও শোয়েব খান (১৭)। গুরুতর আহত অবস্থায় তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনের বাড়ি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরবয়েড়া গ্রামে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য এনামুল হক রাত পৌনে নয়টার দিকে উত্তর মুরাদিয়ার গ্রামের বাড়ি থেকে একাই মোটরসাইকেল চালিয়ে দুমকি-বাউফল সড়ক দিয়ে ইউনিয়নের চরগরবদি ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চরগরবদি খানকা নুরানি মাদ্রাসা-সংলগ্ন এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি মোটরসাইকেলসহ চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ইউপি সদস্য এনামুল হককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে তিনি জানান।