পটুয়াখালীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুই সাংবাদিকের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ—তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ আমলে নেওয়া পটুয়াখালীর পাঁচজন যুদ্ধাপরাধীর পক্ষ অবলম্বন করেছেন এবং মামলার সাক্ষী বীরাঙ্গনা মনোয়ারা বেগমকে সাক্ষ্য না দেওয়ার জন্য প্রলোভনসহ ভয়ভীতি দেখাচ্ছেন।
সকাল সাড়ে ১০টায় ‘আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার’ ব্যানারে জেলা আওয়ামী লীগ, গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধারা শহরের সদর রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন তাঁরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আলমগীর ও সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ লাল চন্দ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।
মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আলমগীর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধ চলাকালে পটুয়াখালী সদর থানার ইটবাড়ীয়া ইউনিয়নের ইসাহাক শিকদার, আবদুল গনি হাওলাদার, আবদুল আউয়াল ওরফে মৌলভি আওয়াল, ছত্তার প্যাদা ও সোলায়মান মৃধা এই পাঁচজন যুদ্ধাপরাধ করেছেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এ অবস্থায় ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে পটুয়াখালীর যুগান্তর প্রতিনিধি মো. জাফর খান এবং ইনকিলাব ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি মো. জাকির হোসেন মামলার অন্যতম সাক্ষী বীরাঙ্গনা মনোয়ারা বেগমের বাড়িতে গিয়ে তাঁকে মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্য বলেন এবং অর্থের প্রলোভনসহ ভয়ভীতি দেখান। স্মারকলিপিতে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য ওই দুই সাংবাদিককে আদালতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, মনোয়ারা বেগম ২১ অক্টোবর দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ অক্টোবর মো. দুলাল মৃধা বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। ওই রাতেই পুলিশ দুই সাংবাদিককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরদিন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।