পটুয়াখালীতে দেড় শতাধিক কাকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে দেড় শতাধিক কাক মারা গেছে। হঠাৎ একসঙ্গে এতগুলো কাক মারা যাওয়ায় মানুষের মধ্যে বার্ড ফ্লু-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল থেকে শহরের আদালতপাড়া, সেন্টারপাড়া, লঞ্চঘাট এলাকা, চকবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে কাক মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়। গাছের ডাল, ভবনের ছাদ, বৈদ্যুতিক ও টেলিফোনের তারের ওপর বসে থাকতে না পেরে হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে। কিছু কাক গাছের ডালে, বিদ্যুতের তারে ও ঘরের চালে বসে ঝিমুচ্ছে। গতরোববারও অসংখ্য কাককে এভাবে ঝিমুতে দেখা গেছে।শহরের আদালতপাড়া এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার তাঁদের এলাকায় বেশ কিছুসংখ্যক কাক মারা গেছে। প্রাণিসম্পদ কার্যালয়ে খবর পাঠানোর পর সেখান থেকে আসা লোকজন বিভিন্ন এলাকায় যান। তাঁরা বিভিন্ন জায়গা থেকে ৬০টি মৃত কাক কুড়িয়ে এনে তাঁর বাড়ির পেছনে মাটিচাপা দেন। গত শনিবারও তাঁদের এলাকায় বেশ কিছু কাক মারা গেছে।সেন্টারপাড়া এলাকার গৃহবধূ রেখা রক্ষিত জানান, শনিবার তাঁদের বাড়ির ভেতর ছয়টি মৃত কাক দেখা যায়। পরে লোকজন এসে কাকগুলো মাটিচাপা দেয়।সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের লোকজন মাঠপর্যায়ে চলে গেছেন। মৃত কাকগুলো গভীর গর্ত করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থাসহ সেখানে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এ ছাড়া মৃত কাকের নমুনা পরীক্ষার জন্য বরিশাল আঞ্চলিক রোগ অনুসন্ধান পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন রোববার পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাকের নমুনায় বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যায়নি। তবে প্রচন্ড ঠান্ডা কিংবা বিষক্রিয়ায় কাকের মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ জন্য আতঙ্কিত হওয়ার কিছুই নেই। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘কাক মারা যাচ্ছে—এ খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী কারণে কাকগুলো মারা যাচ্ছে, তা জানতে দু-এক দিন সময় লাগবে।’