পটুয়াখালীতে নালা থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গোরস্থান এলাকার শাহীন আলম ওরফে সবুজ (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে পৌর গোরস্থানের নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সবুজ শহরের পৌর গোরস্থানের কাছেই বিসমিল্লাহ হোটেলের মালিক হাসান মতিউর রহমানের ছেলে এবং হোটেলের পেছনেই তাদের বাসা। সে পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় মুঠোফোন মেরামতের কাজ করত।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায়, চোখে, নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

হাসান মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সবুজকে ফোন করা হলে সে নলকূপের পানিতে হাত-পা ধুয়ে বাসায় আসছে বলে জানায়। এরপর থেকেই সবুজের মুঠোফোন বন্ধ হয়ে যায়। রাতে সে আর বাসায় ফেরেনি।