পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক বরাদ্দের পরই গত শনিবার রাতে পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজেদ গাজীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন শহীদ খাঁ (৩২), জামাল হোসেন (৩৫), নজরুল ইসলাম (২৫), নূরে আলম (২৫), চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজেদ গাজী (৪৮), নাসির খান (২৮), মোশারফ হোসেন (২৩), মো. বশির (৬০), সালেহ আহমেদ (৩০), মো. ওহাব (৪৮), জাহিদুল ইসলাম (২০) ও নূর মোহাম্মদ হাওলাদার (৬০)। পরে অবস্থার অবনতি হলে প্রথম তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে এই সহিংস ঘটনার পর এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুলিশ রাতেই ওই এলাকা থেকে লিটন (২৪), শহীদ (২৮), বারেক মিয়া (৫০) ও ওহাবকে (৪০) আটক করে। আটককৃতরা অপর চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর আহমেদের সমর্থক বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইউপির চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর মধ্যে শনিবার প্রতীক বরাদ্দ হয়। এর মধ্যে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ গাজীর প্রতীক আনারস এবং সদর থানা আওয়ামী লীগের সদস্য তানভীর আহমেদ পান দেয়ালঘড়ি। প্রতীক বরাদ্দ পাওয়ার পরই তাঁরা গণসংযোগে নেমে পড়েন এবং রাত ১১টার দিকে বসাকবাজার এলাকায় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এ সময় ওয়াজেদ গাজীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর হয়। হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজেদ গাজী অভিযোগ করেন, সন্ধ্যায় এলাকায় গণসংযোগ শেষে রাত ১১টার দিকে তিনি এলাকার বসাকবাজারে নির্বাচনী কার্যালয়ে বসে সমর্থক ও কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় তানভীর আহমেদের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তবে তানভীর আহমেদ ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই দাবি করে বলেন, ওয়াজেদ গাজী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে নির্বাচনী মাঠে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং রাতেই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। কোনো মামলা হয়নি।