পটুয়াখালীতে পাঁচ সহস্রাধিক ঘর বিধ্বস্ত, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সৃষ্ট ঝড় ও জলোচ্ছ্বাসে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় পাঁচ সহস্রাধিক কাঁচা বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকান বিধ্বস্ত হয়েছে। ঝড় চলাকালে গাছচাপায় গলাচিপায় রিজিয়া বেগম (৪৫) নামের একজন মারা গেছেন।গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে ও ৩০ হাজার গাছ উপড়ে পড়েছে। জেলায় ২৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার দুই হাজার কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। দশমিনার ইউএনও কাজী তোফায়েল হোসেন জানান, ঝড়ে উপজেলায় পাঁচ শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। বাউফল উপজেলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, তিন হাজার ৭৫ হেক্টর জমির রবিশস্য, ২০০ হেক্টরের বোরো ধান, ৩০০ হেক্টরের শাকসবজি এবং ৭৫ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।গলাচিপার ইউএনও মো. মাহবুব আলম জানান, গলাচিপায় দেড় হাজার বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকান বিধ্বস্ত হয়েছে। সড়কে গাছ পড়ে থাকায় গলাচিপা উপজেলা শহরের সঙ্গে সব ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. হাফিজউদ্দিন জানান, বিভিন্ন স্থানে বিদ্যুতের ২৫টি খুঁটি ভেঙে গেছে। কমপক্ষে দেড় শতাধিক স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ অবস্থায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে দুই দিন সময় লেগে যাবে। জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তারা আবহাওয়া ভালো হওয়ায় গতকাল বিকেল থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে।