পটুয়াখালীতে প্রথম আলোর ত্রাণ বিতরণ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি গ্রামে ঘূর্ণিঝড়-দুর্গতদের মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে গতকাল রোববার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নের পায়রা নদীর পাড়ে মেহেন্দিয়াবাদ গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধসংলগ্ন দেউলী গ্রামের ৫০ এবং চন্দ্রকান্দা গ্রামের ৫০ জনের মধ্যে চার কেজি করে চাল, আধা কেজি করে ডাল, আধা লিটার সয়াবিন তেল ও এক কেজি করে আলু বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার পর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বরাদ্দ হলেও এই ইউনিয়নের এ দুটি গ্রামে গতকাল পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ৯৭৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫৫টি ঘর। গতকাল ত্রাণ বিতরণের সময় প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউনিয়নের চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেক, পটুয়াখালী বন্ধুসভার সভাপতি সাগর মালী, বন্ধুসভার সদস্য সঞ্জীব কর্মকার, মিল্টন ও প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস। এ ছাড়া রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া, কাউখালী ও কোড়ালিয়া গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি দুর্গত পরিবারকে চার কেজি চাল, আধা কেজি ডাল ও আধা লিটার করে তেল বিতরণ করা হয়।এদিকে, বরগুনার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ ও উত্তর খাজুরতলা গ্রামের ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ও মোমবাতি বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্ধুসভার সদস্যরা গতকাল রোববার এসব বিতরণ করেন।