পটুয়াখালীতে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দুই নেতা এ অভিযোগ করেন।
বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাদারবুনিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ শিকদার। লিখিত অভিযোগে তাঁরা বলেন, মাদারবুনিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য গত সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন নির্বাচনী বোর্ডের সভা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ শিকদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন ওরফে জুয়েল, ছাত্রলীগের সাবেক নেতা সুব্রত ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ছাত্রদলের সাবেক নেতা মতিউর রহমান দলীয় মনোনয়ন চান। প্রার্থী বাছাইয়ে ভোটাভুটি হলেও জালিয়াতির মাধ্যমে মতিউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
কামাল হোসেন ও আবদুল লতিফ শিকদার সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের ত্যাগী নেতাদের বিবেচনায় না এনে তাঁকে (মতিউর) দলীয় সমর্থন দেওয়া হবে—এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে প্রতিবাদ জানানো হবে।
এদিকে আউলিয়াপুর ইউনিয়নেও চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে সরবরাহ করা ভোটার তালিকা ত্রুটিপূর্ণ বলে অভিযোগ এনে নির্বাচনী সভা বর্জন করেছেন সম্ভাব্য তিন চেয়ারম্যান প্রার্থী—ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন ওরফে শাহ আলম শরীফ, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মো. ইউনুচ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম ওরফে প্রিন্স। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সভা শুরু হওয়ার পর এ অভিযোগ এনে তাঁরা বেরিয়ে আসেন। কিন্তু সভায় প্রার্থী বাছাই সম্পন্ন হয়নি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘বাছাইয়ে বাদ পড়লেই অভিযোগ উঠতে পারে। তবে আমরা তৃণমূল নেতাদের নিয়ে প্রাথমিক পর্যায়ে বাছাইয়ের কাজ করছি এবং নিরপেক্ষভাবে ভোটের মাধ্যমে বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে।’
জেলার আটটি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫১টির নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।