পটুয়াখালীতে বন্ধুসভার মাদকবিরোধী প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক থেকে বন্ধুকে বাঁচাও, এসো মাদক সম্পর্কে সচেতন হই’ স্লোগান নিয়ে গতকাল শনিবার পটুয়াখালীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রচারাভিযান চালানো হয়েছে। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের একেএম কলেজে সকাল সাড়ে নয়টায় শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী লিফলেট (প্রচারপত্র) বিতরণের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু হয়। এ সময় কলেজের বাংলা বিভাগের শিক্ষক অশোক দাশ বলেন, ‘সমাজে তরুণ-কিশোরদের মধ্যে মাদক গ্রহণের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। মাদক একটি সুন্দর জীবন ধ্বংস করে দেয়। তাই আমরা সবাই স্পষ্ট ভাষায় মাদককে “না” বলব। এ জন্য অঙ্গীকার করতে হবে।’ এ সময় শিক্ষার্থীরা হাত তুলে মাদককে “না”বলে সমর্থন দেন।
অশোক দাশ মাদকবিরোধী আন্দোলন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম আলোর প্রতি আহ্বান জানান। এ সময় গণিতের শিক্ষক স্বপন কুমার খাসকেলসহ কলেজের অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার বন্ধুরা পটুয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন। শেষে শহরের মহিলা কলেজ সড়ক, স্কাউট ভবন এলাকা, সদর রোড, পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় যুবকদের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এই প্রচারাভিযানে অংশ নেন পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমানসহ সদস্যরা।