পটুয়াখালীতে বাঁধ সংস্কার হয়নি নষ্ট হচ্ছে ফসল
গত বছর ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীর তীরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাত কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে পানি ঢুকে বাড়িঘরসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে এই উপজেলার দেউলীসুবিদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এ কারণে স্থানীয় লোকজন এক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। আইলার এক বছর পেরিয়ে গেলেও ওই বাঁধ সংস্কার না করায় তাদের এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।মির্জাগঞ্জের মতো পটুয়াখালীর বাউফল, কলাপাড়া, দশমিনা ও গলাচিপা উপজেলায় পাউবোর বেড়িবাঁধের প্রায় ২৮৫ কিলোমিটার অংশ আইলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইলার এক বছর পরও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়নি। দেউলীসুবিদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক আলী মুন্সি বলেন, ‘পাউবোর কাছে বাঁধ মেরামতের আবেদন করলেও কোনো ফল পাইনি। এখন জোয়ারের পানিতে খেতের ফসল তলিয়ে যাচ্ছে। ’বাউফল উপজেলার নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল জানান, আইলায় তাঁর ইউনিয়নের বিচ্ছিন্ন চর রায়সাহেবে ১৩ কিলোমিটার ও বড় ডালিমা গ্রামে দুই কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামত না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। গলাচিপার চালিতাবুনিয়া ইউপির চেয়ারম্যান লিটন তালুকদার জানান, তাঁর ইউনিয়নের চারদিকে নদী। বাঁধ না থাকায় নদীতে পানি বাড়লেই তাঁর ইউনিয়নের কৃষকদের খেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়। পাউবোর কাছে আবেদন করার পরও তাঁর ইউনিয়নে বাঁধ নির্মাণ করা হয়নি। পাউবো পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আইলায় জেলার এক হাজার ২৪৮ কিলোমিটার বাঁধের মধ্যে ৪৮ দশমিক ৪৩৬ কিলোমিটার অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ২৩৬ দশমিক ৪৬ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, বরাদ্দ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত বাঁধের কাজের জন্য প্রয়োজন পাঁচ হাজার ১২৩ কোটি ৫৩ লাখ টাকা। গত অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে মাত্র এক কোটি ছয় লাখ টাকা এবং দুই হাজার ১০০ মেট্রিক টন গম। ছিদ্দিকুর রহমান আরও জানান, চলতি অর্থবছর বরাদ্দ পাওয়ার আশ্বাস পেয়ে ২৮ দশমিক ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা যাবে।