পটুয়াখালীতে বাফার গুদামে সার নেই
পটুয়াখালীর বাফার গুদামে সার সরবরাহ না থাকায় জরুরি ভিত্তিতে সার তুলতে পারছেন না ডিলাররা। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় চলতি আমন মৌসুমে জেলায় ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় জেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগ জরুরি ভিত্তিতে বরিশাল ও ভোলার গুদাম থেকে সার তোলার জন্য ডিলারদের অনুমতিপত্র দিয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, চলতি মৌসুমে জেলায় এক লাখ ৯৮ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় ৫৩ জন বিসিআইসি ডিলারকে চলতি মাসে এক হাজার ১৬৮ টন ইউরিয়ার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তাঁরা পটুয়াখালী বাফার গুদাম থেকে মাত্র ২৭০ টন সার তুলতে পারেন। এই গুদামে সার না থাকায় সংকট দেখা দেয়।সদর উপজেলার কৃষক বশির হাওলাদার জানান, তাঁর পাঁচ একর জমিতে প্রায় ৫০০ কেজি সারের প্রয়োজন। বেশ কিছুদিন ধরে জমিতে সার দিতে পারেননি এবং সার সংগ্রহ করেও রাখেননি তিনি। হঠাৎ খরা দেখা দেওয়ায় সারের প্রয়োজন জরুরি হয়ে পড়েছে। কিন্তু ডিলারের কাছে প্রয়োজনীয় সার নেই। সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সত্যরঞ্জন দত্ত জানান, তিনি তাঁর ১৫ একর জমিতে সময়মতো সার প্রয়োগ করতে পারছেন না। এক সপ্তাহের মধ্যে চাহিদামতো সার পেলে তাঁর আমন ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেবে।পটুয়াখালী বাফার গুদামের কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ জানান, সেপ্টেম্বর মাসে সারের তেমন চাহিদা ছিল না। গুদামে মজুদ ছিল ২১০ টন এবং অক্টোবরে ৫৬০ টন আসে। কিন্তু হঠাৎ সারের চাহিদা হওয়ায় ডিলাররা সার তুলে নিয়ে যান। বর্তমানে গুদামে সার না থাকায় সরবরাহ করা যাচ্ছে না। ১২-১৩ অক্টোবরের মধ্যে সার এসে পৌঁছাবে। ডিলারদেরও অন্যত্র যেতে হবে না এবং কৃষকেরা পর্যাপ্ত পরিমাণ সার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্বে থাকা জেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ শান্তি রঞ্জন মণ্ডল জানান, গত দুই মাস প্রচুর বৃষ্টি হওয়ায় সারের তেমন চাহিদা ছিল না। এ ছাড়া চলতি বছর উফশী আমন চাষের আবাদ বেশি হওয়ায় সারের চাহিদা বেড়ে যায়। এ কারণে সংকট দেখা দেয়। বিষয়টি কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ডিলাররা যাতে জরুরি ভিত্তিতে বরিশাল ও ভোলার গুদাম থেকে সার তুলতে পারেন, সে জন্য বরাদ্দপত্র দেওয়া হয়েছে।