পটুয়াখালীতে বার্ড ফ্লু আক্রান্ত সাড়ে চার হাজার মুরগি নিধন
পটুয়াখালীতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাকের মৃত্যুর পর এবার তা মুরগির খামারে ছড়িয়ে পড়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ মুরগির খামারে বার্ড ফ্লু সংক্রমণের খবর নিশ্চিত হয়ে অভিযান চালিয়েছে। গত তিন দিনে জেলা শহর ও কলাপাড়া উপজেলায় দুটি খামারের চার হাজার ৬০০ মুরগি নিধন করা হয়েছে। এ ছাড়াও বার্ড ফ্লুর জীবাণু যাতে মানুষ বা অন্য খামারের মুরগিতে সংক্রমিত হতে না পারে সে জন্য জরুরি ব্যবস্থাসহ জনগণকে সচেতন করে প্রচারণা চালানো হচ্ছে।জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে জেলা সদরের টাউন জৈনকাঠি পাকার মাথাসংলগ্ন এলাকায় ‘পটুয়াখালী ফার্ম’ নামের একটি খামারে মুরগির মড়ক দেখা দেয়। খামারের মালিক মো. ইছা বিষয়টি তাত্ক্ষণিক প্রাণিসম্পদ বিভাগকে জানান।প্রাণিসম্পদ বিভাগের উপজেলা ভ্যাটেরিনারি সার্জন গোলাম কবির জানান, খবর পেয়ে আক্রান্ত ও মৃত মুরগির নমুনা সংগ্রহ করে বরিশাল আঞ্চলিক রোগ অনুসন্ধান পরীক্ষাগারে পাঠানো হয়। বার্ড ফ্লুতে মুরগি মারা যাচ্ছে নিশ্চিত হওয়ার পর অভিযানে নামেন প্রাণিসম্পদ বিভাগের লোকজন। গত শনিবার রাত আটটার দিকে ‘পটুয়াখালী ফার্মে’ অভিযান চালিয়ে তিন হাজার ৭০০ মুরগি নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়।এর আগে কলাপাড়া উপজেলায় মুরগির খামার বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় সেখানেও অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া পৌর শহরের নাছনাপাড়া এলাকায় জাফর ইকবালের খামারের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হয়ে লেয়ার জাতের ৯০০ মুরগি নিধন করা হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদল কৃষ্ণ হালদার জানান, ভাইরাস যাতে ছড়িয়ে না পরে সে জন্য সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও জানান, জেলায় ১৬৯টি মুরগির খামার রয়েছে। এর মধ্যে ব্রয়লার ১৫০টি, লেয়ার ১২টি ও হাঁসের খামার রয়েছে সাতটি। এসব খামার যাতে বন্য প্রাণীর সংস্পর্শে না আসে তা নিশ্চিত করা, বিভিন্ন প্রজাতির পাখি আলাদা করে পালন করাসহ খামারগুলোর তদারকিতে রয়েছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীরা। পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে ‘ভিরকন এস’ দিয়ে স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।