পটুয়াখালীতে বাস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
পটুয়াখালী আধুনিক বাস টার্মিনালের পাশের জমি থেকে গতকাল বুধবার ইমরান মীর (২২) নামের একজন পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের তিনজন সহকর্মীকে আটক করেছে পুলিশ।পটুয়াখালী সদর থানা সূত্রে জানা যায়, খন্দকার পরিবহন নামের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন ইমরান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।ইমরানের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায়। খবর পেয়ে তাঁর বাবা মঞ্জু মীর পটুয়াখালী আসেন। তিনি জানান, বদলি শ্রমিক হিসেবে দুই মাস ধরে খন্দকার পরিবহনে কাজ শুরু করেন ইমরান। কারা, কেন তাঁকে হত্যা করল, তা ভেবে পাচ্ছেন না তিনি। মঞ্জু ছেলে হত্যার বিচার দাবি করেন।পটুয়াখালী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় ইমরানকে হত্যা করে লাশ জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় বাসের চালক মনির তালুকদার, তাঁর সহকারী নাঈম সিকদার ও মামুন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।