পটুয়াখালীতে বিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গতকাল শুক্রবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১০’-এর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতা। বিজ্ঞানকে ভালোবেসে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে বরিশাল অঞ্চলের এই বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা। উত্সবে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও বরগুনা জেলার ৫৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা মো. আলী আজগর ভূঁইয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিজ্ঞান অলিম্পিয়াড-২০১০-এর বরিশাল অঞ্চলের সমন্বয়কারী আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন হারুনর রশিদ, রবিউল হক, রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হূমায়ূন কবির।উদ্বোধনী পর্ব শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ও হলরুমে শিক্ষার্থীরা দুই ঘণ্টার প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় অংশ নেয়। এতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপে এবং নবম ও দশম শ্রেণী ‘খ’ গ্রুপে মোট ৫৪২ জন অংশ নেয়।এরপর দুপুর দুইটায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। বিকেলে ‘ক’ গ্রুপের ৩০ জন ও ‘খ’ গ্রুপের ১৪ জনকে মেধাতালিকায় বিজয়ী ঘোষণা করা হয়। এই বিজয়ীরা জাতীয় পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুয়োগ পাবে বলে আয়োজকেরা জানিয়েছেন।