পটুয়াখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে একই পদে একাধিক প্রার্থীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। ফলে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থিত প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত বেড়েই চলছে। গত এক মাসে এ ধরনের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছে প্রায় দেড় শতাধিক ব্যক্তি।গত ২৪ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগের দিন ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত সম্ভাব্য দুই চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ও মো. আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।৭ মার্চ মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের বিএনপি-সমর্থিত সদস্য পদপ্রার্থী মজিবর রহমান মনোনয়ন বাছাইয়ে যোগ দিতে যাওয়ার সময় হামলায় নিহত হন। ওই হামলায় আহত হয় তিনজন।১৯ ও ২২ মার্চ সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াজেদ গাজী ও তানভীর আহমেদের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন আহত হয়।১৪ মার্চ গলাচিপা উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী এ বি এম আবদুল মান্নান ও লিকন তালুকদারের সমর্থকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬২ জন আহত হয়। ওই ঘটনায় শতাধিক লোককে আসামি করে দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করে। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার ওই দুই পক্ষের হামলায় আটজন আহত হয়।এদিকে ওই উপজেলার চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চাপ দিয়েছেন বলে ১৯ মার্চ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সূর্য্যমণি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন ফরাজী অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি বাউফল থানা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় প্রতিটিতেই দলীয়ভাবে পৃথক প্রার্থীকে সমর্থন দেওয়ায় নিজেদের মধ্যে সংঘাত বাড়ছে।এদিকে ২০ মার্চ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা মশিউর রহমানকে প্রতিপক্ষ প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন।একইভাবে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী একে অন্যকে ভয়ভীতিসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন বলেন, যেসব ইউনিয়নে দলীয় একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, সেখানে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত এক মাসে নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।জেলা নির্বাচন অফিস জানায়, সাতটি উপজেলার মোট ৬১টি ইউনিয়নে ২৯ মার্চ থেকে নির্বাচন শুরু হচ্ছে। ২২ মার্চ পর্যন্ত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ৩৪টি অভিযোগ পাওয়া গেছে।পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।