পটুয়াখালীতে ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘর পুড়ে ছাই
পটুয়াখালী শহরের পিডিএসএ মাঠসংলগ্ন মহিলা সংস্থার মার্কেটে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয় ও ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে রাজ্জাক হাওলাদার (৩৫) নামে একজন দগ্ধ হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আগুনে অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, রাত আনুমানিক পৌনে দুইটার দিকে মার্কেটের জলিল সিকদারের লেপতোষক ও তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে আগুনে মার্কেটের কালা মিয়া ও আবদুর রশিদের হোটেল, আবুল কালামের চায়ের দোকান, বিলাস দাসের মোটরসাইকেল মেরামতের গ্যারেজ, ইউনুচ মিয়ার সিডির দোকান, ওহাব মিয়া ও আবদুর রাজ্জাকের আসবাবের দোকান, মজিদ ব্যাপারীর অটোরিকশার গ্যারেজ, কাওসারের আর্টের দোকান, ছিদ্দিক মিয়ার পার্টসের দোকান ও খোকনের মেকানিক্যাল গ্যারেজ আগুনে পুড়ে যায়। এ ছাড়া আগুনে শম্পা দাসের বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও অফিসঘর ও ১১টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। গতকাল বুধবার সকালে পটুয়াখালীর সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।