পটুয়াখালীতে ভাষা প্রতিযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে পটুয়াখালীতে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসব উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: সাইয়ান।
বেলুন উড়িয়ে পটুয়াখালীতে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসব উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: সাইয়ান।

পটুয়াখালীতে শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭। উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বরগুনা ও পটুয়াখালী জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

আজ শনিবার সকাল আটটা থেকে দূর-দূরান্তর শিক্ষার্থীরা পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় উৎসবস্থলে জড়ো হতে শুরু করে। সকাল নয়টার মধ্যেই অনুষ্ঠান চত্বর পূর্ণ হয়ে যায়। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যেও ভাষা নিয়ে কাজ করেছে উচ্ছ্বাস-উন্মাদনা। পুরো আয়োজন ছিল উৎসবের আবহ।

সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। পরে অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর চারটি বিভাগের শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে।

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মণ্ডল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মু. সাইফুল হাসলাম ও প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।

এবার ভাষা প্রতিযোগের এ আয়োজন ১৩ বছর পূর্তি হলো। এ বছর উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান।

অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, ‘শুধু একটি ভাষাকে কেন্দ্র করে, একটি ভাষার মর্যাদা রক্ষার অগ্নিশপথ নিয়ে একটি স্বাধীন দেশের সৃষ্টি হয়েছে—বিশ্বে এমন দেশ দ্বিতীয়টি নেই। আমরা গর্বিত যে জাতি হিসেবে আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলাদেশ। আজকের এই ভাষা প্রতিযোগের মতো এ ধরনের উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে। এর মধ্য দিয়ে শুদ্ধ বাংলা চর্চা হবে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হবে। জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং জীবনের সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের পরিধি বাড়িয়ে বাংলা ভাষার গৌরব ছড়িয়ে দেবে সারা বিশ্বে।’