পটুয়াখালীতে মাটিকাটা শ্রমিকসর্দার খুন
পটুয়াখালীর জৈনকাঠি ইউনিয়নের ঠেংগাই গ্রামে রোববার গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে খুন হয়েছেন আ. মালেক হাওলাদার (৫৫)। মালেক মাটিকাটা শ্রমিকের সর্দার ছিলেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রোববার রাতের খাবার খেয়ে মালেক হাওলাদার নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে বুকে ছুরিকাঘাত করে। এ সময় মালেকের চিৎকার শুনে পাশে শুয়ে থাকা স্ত্রী জেগে ওঠেন। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মালেক হাওলাদারকে চিকিৎসার জন্য পটুয়াখালী আনার পথে রাত পৌনে দুইটায় তিনি মারা যান। গতকাল সোমবার সকালে পুলিশ বাড়ি থেকে নিহত মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।মালেকের বুকে মাত্র একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রাজভানু বাদী হয়ে আটজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ সুপার মো. আজাদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।