পটুয়াখালীতে মুগ ডাল বীজের সংকট প্রকট
সারা দেশের সবচেয়ে বেশি মুগ ডাল উৎপাদন হয় পটুয়াখালীতে। গত বছর অতিবৃষ্টির কারণে কৃষকেরা তেমন একটা বীজ সংরক্ষণ করতে পারেননি। এ কারণে বাজারে মুগ ডাল বীজের সংকট দেখা দিয়েছে। সরকারি বীজের সরবরাহ খুব কম। কৃষকদের বেশি দামে মুগ ডালের বীজ কিনতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর জেলায় ৭২ হাজার ৩১০ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়। এতে উৎপাদন হয় ৬৮ হাজার ৬৯৫ মেট্রিক টন মুগ ডাল। এ বছর ৭৫ হাজার ৭৫ হেক্টর জমিতে মুগ ডাল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য ২ হাজার ৭০০ মেট্রিক টন বীজের প্রয়োজন। সেখানে সরকারি বীজ বরাদ্দ এসেছে প্রায় পাঁচ টন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক (বীজ বিপণন) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বছর মুগ ডালের বীজ বরাদ্দ এসেছিল ২০ মেট্রিক টন। এ বছর বরাদ্দ এসেছে পটুয়াখালী ও বরগুনা জেলা মিলিয়ে মোট ২ দশমিক ২৭০ মেট্রিক টন।
এ ছাড়া কৃষি বিভাগ থেকে দুই জেলায় প্রণোদনায় পাঁচ টন, রাজস্ব কর্মসূচির ১ দশমিক ২০০ মেট্রিক টন মুগ ডালের বীজ বরাদ্দ এসেছে। তিনি আরও বলেন, বিএডিসির প্রতি কেজি বীজ ৫৮ টাকায় বিক্রি হয়। শুধু দামে কম নয়, উন্নত মানের বীজ হওয়ায় কৃষকেরা প্রথমেই এ বীজ কেনার চেষ্টা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আবদুল অদুদ খান বলেন, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি মুগ ডালের বীজ বপনের উপযুক্ত সময়। আবহাওয়াগত কারণে এ অঞ্চলে মুগ ডালের গাছ ৮০ থেকে ৯০ দিন পর্যন্ত বাঁচে।
বীজ বপনের সময় চলে যাচ্ছে। কিন্তু অনেক এলাকায় এখনো আবাদ শুরু হয়নি। আবার অনেকে জমি তৈরি করে রেখে বীজের জন্য জেলা ও উপজেলা শহরগুলোতে ছুটছেন।
পটুয়াখালীর সদর উপজেলা ইটবাড়ীয়া গ্রামের গিয়াস উদ্দিন নামের এক কৃষক বলেন, দুই একর জমি তৈরি করেছেন। এ জন্য তাঁর ৩০ কেজি বীজের প্রয়োজন। কিন্তু বাজারে সরকারি বীজ পাচ্ছেন না। তাই ১৪০ টাকা কেজি দরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ১০ কেজি বীজ কিনেছেন।
সদর উপজেলার বাদুরা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, তিনি ১৫০ টাকা কেজি দরে বাজার থেকে বীজ কিনতে বাধ্য হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর বলেন, মুগ ডাল উৎপাদনে পটুয়াখালী জেলা সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে। এই জেলার মুগ ডাল দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদার বেশির ভাগই পূরণ করে। এ ছাড়া জাপানে রপ্তানি করা হয়। জেলার ৮০ ভাগ কৃষকই মুগ ডালের আবাদ করেন। সাধারণত বেশির ভাগ কৃষকই বীজ সংরক্ষণ করেন। কিন্তু গত বছর মুগ ডাল সংরক্ষণের সময় অতিবৃষ্টি হয়। এ কারণে কৃষকেরা বীজ সংরক্ষণ করতে পারেননি।