পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় জেলা পটুয়াখালীতে গত শুক্রবার থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে প্রবাহিত মেঘমালা ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ নদীপথে ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নদীবন্দরে ২ নম্বর স্থানীয় সংকেত রয়েছে।
খেপুপাড়া রাডার স্টেশন জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে প্রচুর মেঘমালা সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, গতকাল শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৬৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। জেলেরা মাছ ধরার ট্রলার নিয়ে উপকূলে নিরাপদে ফিরে আসছেন।
কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই দাস বলেন, উত্তাল সাগরে টিকতে না পেরে মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে। ইতিমধ্যে কুয়াকাটা, আলীপুর, মহিপুর, গঙ্গামতি, মৌডুবি ও ফাতরার চ্যানেলে সহস্রাধিক মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।