পটুয়াখালীতে শেষ হলো ‘জুবিলীয়ান’ উৎসব
দিনব্যাপী স্মৃতিচারণা, আড্ডা, আতশবাজির ঝলকানি ও গানে গানে গত শনিবার গভীর রাতে শেষ হলো পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব। শুক্রবার সকালে বর্ণাঢ্য এই উৎসব শুরু হয়।উৎসবে যোগ দিতে ৭০ বছর বয়সী স্থপতি শংকর দত্ত এসেছেন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক থেকে। তিনি বলেন, ‘৪০ বছর পর ৩৫ ঘণ্টা বিভিন্ন বাহনে কাটিয়ে এই উৎসবে যোগ দিয়েছি। হয়তো আর কোনো দিন প্রিয় এই বিদ্যালয়ে আসা হবে না। এখানে এসে প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় এত ভালো লাগছে, তা বোঝাতে পারব না।’ উৎসবের দ্বিতীয় দিনে শনিবার ‘আকাশ সংস্কৃতি তরুণ সমাজের মানসিক বিকাশে ভূমিকা’ পক্ষে-বিপক্ষে নবীন-প্রবীণ জুবিলীয়ানদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জাফর আহমেদ। এরপর জুবিলীয়ান ২৭ মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক আতহার উদ্দিন। দুপুরে বিদ্যালয়ের ৯৫ ব্যাচের জুবিলীয়ানরা শহরে একটি শোভাযাত্রা বের করেন।বিকেলে ‘শিক্ষা ও নৈতিকতা এবং সমকালীর ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সন্ধ্যার পর বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী আতশবাজিতে পুরো আকাশ ঝলমল হয়ে ওঠে। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লালন চর্চা কেন্দ্রের পাগলা বাবুল লালনগীতি পরিবেশন করেন এবং পরে চলে ব্যান্ড তারকা জেমসের মনমাতানো গান।