পটুয়াখালীতে সংসদীয় আসন পুনর্বিন্যাস বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন ২০০৮ সালে ভোটারের সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া, কমলাপুর ও আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দারা বিপাকে পড়েছে।তারা প্রশাসনিক কাজের জন্য সদর উপজেলায় গেলেও সাংসদ-সংশ্লিষ্ট কাজের জন্য তাদের যেতে হয় দূরে অন্য উপজেলায়। তাই তারা এখন সংসদীয় আসনের ক্ষেত্রে পূর্বাবস্থায় ফিরে যেতে চায়।জানা গেছে, পটুয়াখালীর ভৌগোলিক সীমারেখা এবং জনগণের সুবিধা অনুযায়ী জেলায় জাতীয় সংসদের চারটি সংসদীয় আসন গঠন করা হয়। কিন্তু ২০০৮ সালে সংসদীয় আসন ঠিক রেখে ভোটারের সংখ্যার ভিত্তিতে আসনের সীমানা পুনর্বিন্যাস করায় সদর উপজেলার ওই তিনটি ইউনিয়ন অন্য উপজেলার সংসদীয় আসনের সঙ্গে অঙ্গীভূত হয়। এর ফলে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সদর উপজেলার লোহালিয়া ও কমলাপুর ইউনিয়ন পটুয়াখালী-২ (বাউফল) আসনে এবং আউলিয়াপুর ইউনিয়নটি পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সঙ্গে একীভূত হয়। আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন থেকে গলাচিপার দূরত্ব ৩০ কিলোমিটার। আর পটুয়াখালী সদরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। এখন সাংসদের বরাদ্দ আনতে ছুটতে হয় গলাচিপায়। আবার প্রশাসনিক কাজে যেতে হচ্ছে সদর উপজেলায়। এ অবস্থায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়া ছাড়াও এই এলাকায় অনেকটা দ্বৈত শাসন বিরাজ করছে।’কমলাপুর ইউপি চেয়ারম্যান আ. ছালাম মৃধা বলেন, ‘আমাদের সংসদীয় কাজের জন্য যেতে হয় ২১ কিলোমিটার দূরে বাউফলে। অথচ পটুয়াখালী শহরের দূরত্ব মাত্র আট কিলোমিটার। এখন প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা চাই আগের মতো সংসদীয় আসন পুনর্বহাল করা হোক।’লোহালিয়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদার বলেন, ‘আমার ইউনিয়ন জেলা শহরসংলগ্ন। অথচ এখন সংসদ সদস্যের কাছে যেকোনো কাজের জন্য ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাউফলে যেতে হচ্ছে।’পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেঞ্চদ মৃধা বলেন, ‘উপজেলার সীমানা ভেঙে সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় এই উপজেলায় এখন উপদেষ্টা রয়েছেন তিনজন। এখানে তাঁদের সবার মতামত ও পরামর্শ নিয়ে কাজ করতে হয়। সে ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সমস্যায় পড়তে হয়। ফলে বিভিন্ন বিভাগে দেখা দেয় সমন্বয়হীনতা।’ এ ব্যাপারে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হেসেন জানান, জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের এলাকা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভৌগোলিক সীমানা, জনগণের সুবিধা-অসুবিধা ও রাজনৈতিক সমস্যার কথা বিবেচনা করা হয়নি। বর্তমান অবস্থায় উপজেলা থেকে ইউনিয়নকে বিচ্ছিন্ন করে অন্য সংসদীয় আসনের সঙ্গে সংযুক্ত করায় একদিকে জনগণের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে।