পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় মেয়র প্রার্থীর দুই ভাই আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. শফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম মৃধা (৪৫) ও তাঁর চাচাতো ভাই ইউনুচ মৃধা (৪৫) সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। গত বুধবার রাতে শহরের আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম ও ইউনুচ মৃধা জানান, রাত পৌনে নয়টায় আরামবাগ এলাকায় গণসংযোগকালে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা তিন-চারটি মোটরসাইকেলে করে সেখানে আসে। একপর্যায়ে ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ তাঁদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।