পটুয়াখালীতে সর্বহারা পরিচয়ে চাঁদার দাবি
পটুয়াখালী শহরে এক সপ্তাহ ধরে সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ইতিমধ্যে এ ধরনের ঘটনায় পটুয়াখালী সদর থানায় ছয় ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ নভেম্বর থেকে সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি শুরু হয়। তাঁরা সংবাদকর্মী, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছেন। এ কাজে তাঁরা মুঠোফোনে বাংলালিংকের নম্বর ব্যবহার করছেন। নাম প্রকাশ না করার শর্তে পটুয়াখালী থেকে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদক জানান, গত শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে তাঁর মুঠোফোনে বাংলালিংকের ০১৯৪৪৯৬৩১৮২ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। বলা হয়, তাঁদের লাল বাহিনীর সদস্যরা চাঁদার জন্য গেলে যেন টাকা পরিশোধ করা হয়। পরে তিনি জানতে পারেন এর আগে তাঁর বাসার টিঅ্যান্ডটি ফোনে কল করে নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাঁর মুঠোফোনের নম্বর জেনে নিয়েছেন। এর আগের দিন সকালে শহরের একজন আইনজীবীর কাছে ০১৯৪৫৩০০৬৮৯ নম্বর থেকে কল করে চাঁদা দাবি করা হয়। ওই দিনই একই মুঠোফোনের নম্বর দিয়ে আইনজীবীর স্ত্রীকেও চাঁদার টাকা পরিশোধ করার জন্য হুমকি দেওয়া হয়।শহরের এনজিওকর্মী মো. আবদুস সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজেকে সর্বহারা দলের প্রধান মহিউদ্দিন সিকদার পরিচয় দিয়ে এক ব্যক্তি ০১৯৪৫৩০০৬৮৯ নম্বর মুঠোফোন থেকে তাঁর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দেওয়া না হলে জীবননাশের হুমকি দেওয়া হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সদর থানায় ছয় ব্যক্তি সাধারণ ডায়েরি করেছেন।