পটুয়াখালীতে সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ-এর বরিশাল ব্যুরো প্রধান জি এম বাবর আলীর (৫৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দ্বিতীয় স্ত্রী ঝর্না খানমের সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শাকিল জানান, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে। সুরতহাল প্রতিবেদনে বাবর আলীর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঝুলন্ত লাশ উদ্ধারের সময় পুলিশ ওই কক্ষ থেকে সাংবাদিক বাবরের হাতে লেখা একটি চিঠি পেয়েছেন। ওই চিঠিতে লেখা রয়েছে, স্ত্রী ঝর্নাকে তিনি খুব ভালোবাসেন এবং তাঁর সঙ্গে একটি বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। ওই রাতেই বাবর আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।