পটুয়াখালীতে সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩
পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাত দিনে জেলায় ২৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে সেবা নিয়েছে। গত সোমবারই জেলায় ৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অনেককে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা না পেয়ে ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে বেশ কিছু রোগী চিকিৎসা নিচ্ছে। মোসলেম ফকির নামে এক ব্যক্তি জানান, শয্যা না পেয়ে তাঁর ভাইকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। ওই দিন হাসপাতালে ৩৫ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজা মো. জামান জানান, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২০টি শয্যা থাকার কথা থাকলেও জায়গার অভাবে ১৫টি শয্যা রাখা হয়েছে। লবণাক্ততার কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এমনিতেই ডায়রিয়াপ্রবণ। এর ওপর আবার গ্রীষঞ্চ মৌসুম। তীব্র গরমে ডায়রিয়া স্বাভাবিকের চেয়ে একটু বেশি দেখা দেওয়ায় রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর সংখ্যা বেশি হলে তখন বাধ্য হয়ে তাদের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়। তিনি আরও জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত খাওয়ার স্যালাইন ও ওষুধ আছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে রয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবারই জেলায় ৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১৩ জন, গলাচিপায় ১৪ জন, কলাপাড়ায় নয়জন, দশমিনায় তিনজন, বাউফল, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়েছে।সিভিল সার্জন গৌরমণি সিনহা জানান, তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ এখন একটু বেশি। ডায়রিয়ার চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ তাঁদের হাতে আছে। লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, তবে জেলার কোথাও ডায়রিয়ায় কারও মৃত্যু ঘটেনি। ডায়রিয়া মোকাবিলায় একজন চিকিৎসক অথবা চিকিৎসা সহকারীদের নিয়ে জেলার প্রত্যেক ইউনিয়নে একটি করে চিকিৎসা দল কাজ করছে।