পটুয়াখালীতে সেতুর নির্মাণকাজ চলাকালে ক্রেন ভেঙে নিহত ১
পটুয়াখালীর পায়রা নদীর লেবুখালী এলাকায় সেতুর নির্মাণকাজ চলাকালে ক্রেন ভেঙে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সোহেল (৩০)। আহত তিন শ্রমিক হলেন উজ্জ্বল (২৬), রমজান (৩০) ও ইমরান (২৮)।
পটুয়াখালীর দুমকি থানার পুলিশ জানায়, হতাহত শ্রমিকদের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
লেবুখালী সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের লংজিয়াম কোম্পানির গাড়িচালক মো. কামরুল জানান, সকালে সেতুর কাজে ক্রেন ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ করে ক্রেন ভেঙে পড়লে চারজন শ্রমিক আহত হন। তাঁদের উদ্ধার করে বরিশােলর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মো. সোহেল মারা যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, সোহেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক খান মো. কামরুল আহসান বলেন, বৃষ্টির কারণে নদীপাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় তা ধসে গিয়ে ক্রেনটি ভেঙে নদীতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।