পটুয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
স্ত্রী খাদিজা আক্তার ওরফে হ্যাপিকে (২০) হত্যার দায়ে স্বামী জহির হাওলাদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং দেবর জাফরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালীর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার এই আদেশ দেন।
মামলায় পলাতক চার আসামি মনির, ছিদ্দিক, নূর আলম ও শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালে জেলার গলাচিপা উপজেলার বড় শিবা গ্রামের জহির হাওলাদারের সঙ্গে খাদিজার বিয়ে হয়। ২০০৮ সালের ৮ এপ্রিল ভোররাতে জহির ও তাঁর ভাই জাফর খাদিজাকে গ্রামের খালের তীরে নিয়ে হত্যা করেন এবং লাশ লুকিয়ে রাখেন। পুলিশের হাতে আটকের পর জহির জানান, ফুফাতো বোনকে যৌতুক নিয়ে বিয়ে করার জন্য খাদিজাকে হত্যা করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই খাল থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৪ এপ্রিল খাদিজার বাবা আবুল চৌকিদার জহির ও জাফরসহ ছয়জনকে আসামি করে গলাচিপা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে ২৪ জুলাই অভিযোগপত্র দাখিল করে।