পটুয়াখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহর থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার অংশের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হতে না-হতেই বেশ কিছু স্থানে সড়কের কার্পেটিং উঠে গেছে। অনিয়মের বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ায় এবং দরপত্রের সঙ্গে কাজের সংগতি না থাকায় ঠিকাদারের বিল প্রদান বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।সওজের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৯৬ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে দি রূপসা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০ কোটি টাকায় ১১ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায়। ঠিকাদার ২০০৯ সালের ১ জানুয়ারি কাজ শুরু করে। ২০১১ সালের জুনে কাজ শেষ হয়। ইতিমধ্যে সওজ ওই প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা বিল পরিশোধ করেছে।দি রূপসা ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোস্তফাপুর থেকে পাখিমারা পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার এবং হাজীপুর বাঁধ থেকে মহিপুর সড়কের ৩ দশমিক ৩ কিলোমিটার—এই সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের কাজ শেষ করার পর ইতিমধ্যে এই অংশের বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং সিলকোট উঠে গেছে।সওজের একটি সূত্র জানায়, দরপত্রের শর্ত অনুযায়ী সড়কের নিচের অংশ সাব-বেইজ, এরপর বেইজ টাইপ-১, বেইজ টাইপ-২ ও ওপরের অংশে কার্পেটিং সিলকোট করার কথা রয়েছে। কিন্তু ঠিকাদার শর্ত অনুযায়ী কাজ না করায় কার্পেটিং ও সিলকোট উঠে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে সওজ গোপালগঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল) আবদুস ছালামের নেতৃতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি চলতি বছর ২৮ মার্চ সরেজমিন তদন্তে দরপত্রের শর্তের সঙ্গে ঠিকাদারের কাজের মিল নেই বলে নিশ্চিত হয়।পরে সড়কের ত্রুটি সংশোধনের জন্য মন্ত্রণালয় থেকে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল হককে প্রধান করে চার সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে। কমিটি গত ২৫ ও ২৬ নভেম্বর সড়ক পরিদর্শন করেছে।এদিকে দি রূপসা এন্টারপ্রাইজ জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি তুলে ধরে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ ব্যাপারে তদন্তের দাবি করেছে।দি রূপসা এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক রাশেদুর রহমান অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা লাভবান হতে নকশা পরিবর্তন করে তাঁদের দিয়ে এভাবে কাজ করিয়েছেন।তবে পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, সড়কটি ত্রুটিমুক্ত করতে টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সড়কটি ত্রুটিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দরপত্রের সঙ্গে ঠিকাদারের করা কাজের মিল না থাকায় ঠিকাদারের বাকি বিল পরিশোধ করা হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।